গরমে সুস্থ থাকতে খান এই পাঁচ ফল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-২৬ ১২:৩৭:১৪
প্রচণ্ড গরমে নাজেহাল শহরবাসী। কী খাব আর কী খাব না সেই নিয়ে চলছে দড়ি টানাটানি। এই গরমে সুস্থ থাকতে প্রোটিন ও কার্বোহাইড্রেট জাতীয় খাবারের তুলনায় বেশি পরিমাণে ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
গরমে যারা খুব ঘামেন তাদের দেহ থেকে লবণ ও জল দুটোই বেরিয়ে যায়। ফলে, শরীরে এই দুই উপাদানের ভারসাম্য বজায় রাখতে খান রসালো ফল। গরমে আপনাকে সুস্থ রাখবে এই পাঁচ ফল। দেখে নিন একনজরে –
পেঁপে : কোষ্ঠ কাঠিন্য দূর করে শরীরকে সুস্থ রাখতে পেঁপের জুরি মেলা ভার। কাঁচা পেঁপের আঠা কৃমির বিনাশ ঘটায়। এছাড়াও অনেক গুণ রয়েছে পেঁপের। গরমে পেট ও লিভার ঠান্ডা রাখে এই পেঁপেই। তাই প্রতিদিন খাদ্য তালিকায় পেঁপে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
শশা : শরীরে ভিটামিন সি ও ভিটামিন কে-এর চাহিদা অনেকটাই পূরণ করে শশা। খাবার পাতে স্যালাড হিসেবে শশাকে তাই রাখা যেতেই পারে। এই গরমে সুস্থ থাকতে শশা ও পুদিনা একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়ে সরবত বানিয়ে খান।
তরমুজ : শরীরে জল জোগান দিয়ে শরীরকে ঠান্ডা রাখে তরমুজ। তাই গরমে তরমুজ অপরিহার্য।
ডাবের জল : গরমের হাত থেকে নিস্তার পেতে অনেকেই দ্বারস্থ হন কোল্ড ড্রিংকের। কিন্তু এতে থাকা প্রচুর পরিমাণ শর্করা, ফ্যাট ও কোলেস্টেরল শরীরের পক্ষে হানিকারক। তাই এর বদলে হাতে তুলে নিন ডাবের জল। এনার্জিতে ভরপুর, ক্ষতিকর উপাদান মুক্ত ডাবের জল শরীরে স্যালাইনের বিকল্প হিসেবে কাজ করে।
বেল : সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি বেল খাওয়া যায় তবে এর থেকে আর স্বাস্থ্যকর কিছু হতে পারে না। গ্যাস দূর করে শরীরকে তরতাজা রাখে বেল। এতে হজম শক্তি বাড়ে। খিদে স্বাভাবিক হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














