জাপানের ব্যবসায়ীদের বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৫-২৯ ১২:৫৬:০৬


বাংলাদেশকে আগামী দিনের উদীয়মান অর্থনীতির দেশ উল্লেখ করে জাপানের ব্যবসায়ীদের এ দেশে বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে টোকিওতে দুই দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা-দারিদ্র্য থেকে মুক্তির পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে জাপান সরকার যেমন বাংলাদেশের উন্নয়নে পাশে দাঁড়িয়েছে, তেমনি জাপানি ব্যবসায়ীদের বড় বিনিয়োগ রয়েছে বাংলাদেশের অথনীতিতে। সেই বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি আয়ের উৎস জাপান। দেশে যে একশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে, তার মধ্যে থেকে নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চলটি জাপানি বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে।

এর আগে মঙ্গলবার টোকিওর সিটি হোটেলে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি শুধু নিজেদের ভবিষ্যৎ গড়ার বদলে দেশের এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বলেন, দূতাবাসের উদ্যোগের পাশাপাশি বিদেশে বাংলাদেশি পণ্যের বাজার খুঁজে বের করুন।

জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও উন্নয়ন অংশীদার আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, জাপান আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং তারা আমাদের যুদ্ধবিধ্বস্ত দেশ (১৯৭১-এর মুক্তিযুদ্ধ শেষে) পুনর্গঠনে প্রচুর সহায়তা করেছে। তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার গভীর সম্পর্ক প্রমাণ করতে ক্ষমতায় আসার পর পর আমি জাপান সফর করি।

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দুই প্রবাসী বাংলাদেশি সালেহ মোহাম্মদ ও সাকুরা সাবের বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।