বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে হুন্দাই গ্রুপ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৫-২৯ ১৭:৩৭:০০
কোরিয়ান ভিত্তিক হুন্দাই গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানী খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। গ্রুপটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ কার্যালয় পরিদর্শনকালে এ আগ্রহ প্রকাশ করে।
ডেপুটি জেনারেল ম্যানেজার চ্যাং জিন লা এর নেতৃত্বে দলটি বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি বিস্তারিত আলোচনা করেন এবং তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তারা বলেন, মহেশখালীতে এসপিসিএল, এস কে গ্যাস এবং মাতারবাড়িতে জাপানের বিনিয়োগ পরিলক্ষিত করে তারা এ অঞ্চলে বিদ্যুৎ ও জ্বালানীখাতে বিনিয়োগের পরিকল্পনা করছে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিনিয়োগকারীদের আগমন তাদেরককে বাংলাদেশে বৃহৎ পরিকল্পনা গ্রহণে আগ্রহী করে তুলেছে।
চ্যাং জিন লা বেজাকে জানান, বাংলাদেশে শিল্প বিপ্লব গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বয়ে বেজার এ নিরলস প্রচেষ্টার সাথে তারা একাত্ম হতে চান এবং বাংলাদেশের সার্বিক বিনিয়োগ পরিস্থিতিতে তারা ভূমিকা রাখতে চান।
তিনি জানান, এ পরিকল্পনাকে কেন্দ্র করে তারা ইতোমধ্যে এ অঞ্চলসমূহে সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু করেছেন এবং কিছুদিনের মধ্যে আরো উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশে আসবেন। এ বিষয়ে তার বেজার সার্বিক সহযোগিতা কামনা করেন।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, সমস্ত বিনিয়োগকে বেজা সমান দৃষ্টিতে দেখে এবং বিনিয়োগ সফল হওয়া পর্যন্ত সকল সহযোগিতা বেজা করবে। তিনি বলেন, বেজা বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে।
সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের বিষয়ে সভা
বেইজিং ভিত্তিক প্রতিষ্ঠান Beijing Zhenyuan Henghui Engineering Consulting co. Ltd,Beijing Energy holding Co. Ltd এবং Power China Hydropower Engineering Bureau Co. Ltd. এর প্রতিনিধি বৃন্দ আজ বেজা কার্যালয় পরিদর্শনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের ফেনীর সোনাগাজ়ীতে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
তিনটি প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ আজ বেজা কার্যালয়ে এক মত বিনিময় সভায় মিলিত হন। প্রতিষ্ঠানসমূহ ২০০ মেগা ওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করার জন্য অতি দ্রুত কাজ শুরু করতে চান। Beijing Zhenyuan Henghui Engineering Consulting co. Ltd। – এর চেয়ারম্যান Yang Xianjun বলেন, এছাড়াও তারা রিনিউবল এনার্জি বা বিকল্প জ্বালানীর বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে চান এবং গ্রিন এনার্জি উৎপাদনের মাধ্যমে তা শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করে টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে চান। তিনি জানান, এ ব্যাপারে বিশদ সমীক্ষা চলমান রয়েছে।
উল্লেখ্য যে, ইতোপূর্বে তারা সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য প্রকল্প প্রস্তাব প্রেরণ করে, যার পরিপ্রেক্ষিতে উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ এ পরিদর্শনে অংশ নেন। প্ল্যান্টটি স্থাপনের বিষয়ে আলোচনা চলমান রয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














