চাকুরী খোঁজা নয়, চাকুরী দেওয়ার মানুষিকতা তৈরি করুন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৫-৩০ ১৯:৪৭:৪৪
চাকুরী খোঁজা নয়, চাকুরী দেওয়ার মানুষিকতা তৈরি করুন। এই লক্ষ্য নিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। বিডার আয়োজনে “তারুণ্যের শক্তি- বাংলাদেশের সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে তুলে ধরে ২০২০ সালের মধ্যে প্রান্তিক মাঠ পর্যায়ে ২৪ হাজার উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে “উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প” –এর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের ৬৪ জেলায় প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এসময়ে প্রশিক্ষণ কর্মশালার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন, বিডার নির্বাহী সদস্য মইনুল ইসলাম, নাভাস চন্দ্র মন্ডল এবং এলআইসিটি প্রকল্পের নাইমা চৌধুরী।
কাজী মোঃ আমিনুল ইসলাম বলেন, “এ প্রকল্পের তরুণ প্রশিক্ষকদের মূল কাজ হচ্ছে ভবিষ্যৎ নির্মাণ। এক সময় শ্রম নির্ভর কর্মকান্ডের উপরে উন্নয়ন নির্ভর করতো। কিন্তু এখন প্রযুক্তি ও জ্ঞান নির্ভর সমাজ। আরো অনেক দূর যাবো, আমাদের যেতে হবে; তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে ভবিষ্যৎ বিনির্মাণের। উন্নয়নের জন্য বিনিয়োগ দরকার, চাকুরী খোঁজা নয়, চাকুরী দাতায় রূপান্তর হতে হবে।“
সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন প্রকল্পের সফলতায় অবদানের জন্য বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানান ।
তিনি বলেন আমাদের এই প্রকল্প শুরু করার মত পর্যাপ্ত সামর্থ্য ছিলো না, লোকবলও কম ছিল । প্রাথমিক অবস্থায় মাত্র তিন জন লোকবল নিয়ে আমরা এই প্রকল্পটি শুরু করেছি। এখন আমরা এই প্রকল্পের মাধ্যমে দক্ষ প্রশিক্ষক তৈরি করতে পারছি। সবই সম্ভব হয়েছে বিডার নির্বাহী চেয়ারম্যান এর জন্য। সেই সাথে তিনি পরিকল্পনা কমিশন, অর্থবিভাগ কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ৬৪ জন প্রশিক্ষক ছাড়াও বিডার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














