তিন জেলার সড়কে ঝরল ১৫ প্রাণ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-০২ ১৬:৩০:৫০
পবিত্র লাইলাতুল কদরের ছুটিতে তিন জেলার সড়কে ঝরল ১৫ প্রাণ। রোববার সিরাজগঞ্জ, সুনামগঞ্জ ও নাটোরে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সিরাজগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে আটজন, সুনামগঞ্জে বাস- লেগুনার সংঘর্ষে ছয়জন এবং নাটোরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খাওয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় বাস-লেগুনা সংঘর্ষে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, এ ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
সুনামগঞ্জ: জেলার দিরাই-মদনপুর সড়কের গনিগঞ্জ এলাকায় বাস লেগুনার সংঘর্ষে লেগুনা চালকসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুর্বকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবজাল হোসেন (১৬), একই গ্রামের ফয়জুল মিয়ার ছেলে মিলন মিয়া, ইসতফা মিয়ার ছেলে সাগর মিয়া (১৫), শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামের মনিন্দ্র কুমার দাসের ছেলে নিমেশ চন্দ্র দাস (২২) এবং লেগুনা চালক নোমান মিয়া (২৪)।
নোমান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঘাগলী গ্রামের আলী আকবরের ছেলে।
পুলিশ জানায়, রোববার সকালে একটি যাত্রীবাহী বাস দিরাই থেকে ছেড়ে এসে গনিগঞ্জ এলাকায় পৌঁছলে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই রফিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোর: জেলার বড়াইগ্রামে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পুলিশ সদস্যের ১০ বছরের শিশুকন্যা মারিয়া তাসনিম মৃধার মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন গাড়ির আরও ৫ জন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুকন্যা মারিয়া ঢাকার কদমতলী থানার উপ-পরিদর্শক আব্দুল জলিলের মেয়ে।
নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ঢাকার কদমতলী থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল তার স্ত্রী, মেয়ে ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে মাইক্রোবাস যোগে ঈদের ছুটিতে নাটোরের সিংড়ায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকার একটি পেট্রল পাম্পের সামনে এসে অতিরিক্ত বৃষ্টির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিলের শিশুকন্যা মারিয়া মারা যায়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













