ফতুল্লায় মশার কয়েলের আগুনে শিশুসহ দগ্ধ চার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১০ ১০:৫৩:৪৭
নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ভোররাত ৫টার দিকে ফতুল্লার পাগলা এলাকার একটি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আবদুল আলিম (৬৫), তাঁর শরীরের ৪৮ ভাগ পুড়ে গেছে। শিউলি বেগম (৩৫), তাঁর শরীর দগ্ধ হয়েছে ৫৮ ভাগ। শিউলির বড় মেয়ে যুঁথি (১৩) ১৮ শতাংশ এবং ছোট মেয়ে তানজিলা (৬) ২০ ভাগ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
ঢামেক হাসপাতালে সকালে শিউলির স্বামী জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, রাতে শিউলি মেয়েদের নিয়ে এক কক্ষে ঘুমিয়ে ছিলেন। তিনি পাশের কক্ষে ছিলেন। ভোর ৫টার দিকে হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। পরে লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে সকালে ৭টার দিকে সবাইকে হাসপাতালে নিয়ে আসেন। তবে স্থানীয়রা ধারনা করেছেন এটি মশার কয়েল থেকে হতে পারে ।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, নারায়গঞ্জের ফতুল্লার দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













