ঈদ ঘিরে সক্রিয় জাল টাকা চক্র, গ্রেফতার ৭
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৮-০২ ১১:৩৪:২৮
ঈদুল আজহাকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা তৈরির কারবারিরা। গত বুধবার জাল টাকা ও ভারতীয় জাল রুপি তৈরি চক্রের এমন সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৯০ লাখ টাকার জাল নোট ও ২৬ লাখ জাল রুপি। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, ঈদ সামনে রেখে জাল টাকা তৈরির চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে তাদের অপতৎপরতা রোধে গোয়েন্দারা মাঠে নেমেছেন। তিনি জানান, গত বুধবার রাতে ফকিরাপুল থেকে ৫০ লাখ জাল টাকাসহ চক্রের সদস্য লাল মিয়া ও শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। একই দিন পৃথক অভিযানে সবুজবাগ থেকে গ্রেফতার করা হয় আবিদা সুলতানা ও আলামিন নামে দু’জনকে। তাদের কাছে ৪০ লাখ ২০ হাজার জাল টাকা পাওয়া যায়। আসন্ন ঈদ সামনে রেখে তারা গরুর হাটসহ বিভিন্ন এলাকায় এসব জাল টাকা সরবরাহ করত। আবিদার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, ডিবির পৃথক একটি দল বুধবার বিকেলে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার একটি বাড়ি থেকে ভারতীয় জাল রুপি তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলো- লিয়াকত হোসেন ওরফে জাকির, শান্তা আক্তার ও মমতাজ বেগম। তাদের কাছ থেকে ২৬ লাখ জাল রুপি ও রুপি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিরা ঈদে পোশাক ও গরু আমদানি করা ব্যবসায়ীদের মাধ্যমে জাল রুপি পাচার করে। চক্রটির মূল হোতা লিয়াকত হোসেন জাল রুপি দেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের আগ্রহী ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী সরবরাহ করত। শান্তা ও মমতাজ জাল রুপি তৈরির দক্ষ কারিগর।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














