ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু ৫ আগস্ট
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৮-০৩ ১৩:৫৬:৩০
ঈদুল আজহা পরবর্তী ট্রেনের ফিরতি বিক্রি শুরু হচ্ছে আগামী ৫ আগস্ট থেকে। বাড়িতে ঈদ উদযাপন শেষে যারা কর্মক্ষেত্রে ফিরতে চান তাদের জন্য ঈদ পরবর্তী ১৪ আগস্টের টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট (সোমবার) থেকে। যা চলবে ৯ আগস্ট পর্যন্ত।
একইভাবে ৬ আগস্ট যারা টিকিট সংগ্রহ করবেন তারা পাবেন ১৫ আগস্টের টিকিট। ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট দেওয়া হবে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে।
ফিরতি টিকিট অনলাইনে অর্ধেক এবং বাকি অর্ধেক সংশ্লিষ্ট রেল স্টেশনগুলোতে পাওয়া যাবে বলে জানা গেছে।
রেল সূত্রে জানা গেছে, রেলে প্রতিদিন দুই লাখ ৭৭ হাজার মানুষ চলাচল করলেও ঈদের সময় তা বেড়ে প্রায় চার লাখে দাঁড়াবে। ঈদের ১০ দিন আগে এবং ঈদের পর ১০ দিন পর্যন্ত ট্রেনে ভিআইপিদের জন্য সেলুন সংযোজন করা হবে না। এছাড়া আগামী ১১ ও ১৪ আগস্ট ঢাকা-কলকাতা-ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না। ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা মেটানোর জন্য এক হাজার ৪৩৭টি যাত্রীবাহী কোচ সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
স্টেশন ম্যানেজার বলেন, বন্যার কারণে যেসব রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব রুট ঈদের আগেই মেরামত করা হবে। যদি ঈদের আগে সব রুট মেরামত করা না যায় তাহলে রুট পরিবর্তন করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। তবে সেক্ষেত্রে কিছুটা বেশি সময় লাগতে পারে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













