কুড়িগ্রামে এবারের বন্যায় ১৫৬ কোটি টাকার ফসলের ক্ষতি

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৮-০৪ ১২:৫৩:৫৯


কুড়িগ্রামে এবারের বন্যায় ১৫৬ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ ৭৫ হাজার কৃষক পরিবার। আমনের বীজতলা নষ্ট হওয়ায় সংকট দেখা দিয়েছে আমন চারার। আবার কোথাও চারা পাওয়া গেলেও তার মূল্য চড়া। আর্থিক সংকটে আমন আবাদ করতে পারছে না অনেক কৃষক পরিবার। এতে অনাবাদি থাকার আশঙ্কা দেখা দিয়েছে বেশ কিছু জমি। ক্ষতি পুষিয়ে নিতে রবিশস্যের আগে মিলছে না সরকারি প্রণোদনা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে প্রায় ২০ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়। পানি নেমে যাওয়ার পর কৃষি বিভাগের হিসাব মতে, ১৩ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫৬ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে ৫৩ কোটি টাকার সবজি, ২১ কোটি টাকার মসলাজাতীয় ফসল, ৫৭ কোটি টাকার আউশ ও ১৫ কোটি টাকার বীজতলা রয়েছে।

তবে কৃষকরা চারার সংকটে আমন আবাদ করতে অপারগ হওয়ায় এবং অনেক জমি পতিত থাকার আশঙ্কা দেখা দিলেও কৃষি বিভাগের পক্ষ থেকে আপাতত কোনো সহায়তা পাওয়ার আশা নেই।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। বন্যায় ক্ষতি পুষিয়ে নিতে রবি মৌসুমে প্রণোদণা দেওয়ার কথা ভাবছে সরকার।