ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের নির্দেশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-০৪ ১৮:১৮:৩৬


ঈদুল আজহা উপলক্ষে পোশাক কারখানার শ্রমিকদের ১০ আগস্ট থেকে ছুটি শুরু হচ্ছে। একই সঙ্গে ঈদের ছুটির আগেই যথা সময়ে শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস প্রদান করতে মালিকদের নির্দেশ দিয়েছে সরকার।

আজ রোববার (৪ আগস্ট) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান অসুস্থতার কারণে সভায় উপস্থিত হতে পারেননি। তবে তিনি বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন। এছাড়া সভায় শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমসহ বিজিএমইএ ও বিকেএমইএ এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে সচিব বলেন, টঙ্গী, পুবাইল, বোর্ড বাজার, গাজীপুর সদর, কাশিমপুর, কোনাবাড়ী, কালিয়াকৈর, কাপাসিয়া, কালিগঞ্জ, শ্রীপুর, মাওনা, মিরের বাজার ও ভালুকা এলাকার কারখানা সমূহ শ্রমিকদের ১০ আগস্ট থেকে ছুটি শুরু হবে। এসব এলাকার কারখানা শ্রমিকদের ছুটি থাকবে ১৭ আগস্ট পর্যন্ত।

এছাড়া আশুলিয়া, কলমা, সাভার, হেমায়েতপুর, ধামরাই, জিরানি বাজার, বিকেএসপি, তুরাগ ও মানিকগঞ্জ এলাকার কারখানার শ্রমিকদের ছুটি শুরু হবে ১১ আগস্ট থেকে। এসব এলাকার শ্রমিকদের ছুটি শেষ হবে ১৮ আগস্ট।

সচিব বলেন, ছুটি ঘোষণার আগে প্রত্যেক কারখানার মালিককে বেতন-বোনাস দিতে বলা হয়েছে। এছাড়া শিল্প এলাকা ৯ ও ১০ জুলাই ব্যাংক খোলা থাকবে।

তিনি বলেন, চার থেকে পাঁচটি কারখানায় সমস্যা হতে পারে, সে জন্য বিজিএমইএ ও বিকেএমইএ কর্মকর্তাদেরকে বলা হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী গাজীপুর ১টি, ঢাকা ২টি ও নারায়ণগঞ্জে দুটি কারখানায় বেতন ও বোনাসের জন্য ঝামেলা হতে পারে। তবে আশা করছি তা ঠিক হয়ে যাবে।