উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় সমূহে কোর্স চালুর প্রস্তাব বিডার
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৮-০৭ ১৮:৩৭:২১
দেশ জুড়ে দক্ষ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কার্যালয়ে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার অনুষ্ঠিত বৈঠকে মত বিনিময়কালে উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কাছে বাংলাদেশ জুড়ে নতুন উদ্যোক্তা তৈরির জন্য সমস্ত বিশ্ববিদ্যালয়ে এ সংক্রান্ত কোর্স চালুর প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে তুলে ধরেন।
তিনি বলেন, আমরা আমাদের তরুণদের চাকুরী পাওয়ার জন্য শিক্ষা দিচ্ছি কিন্তু আমাদের উচিত তাদের এমন দক্ষ ভাবে গড়ে তোলা যাতে তারা নিজেরাই চাকুরীর ক্ষেত্র তৈরি করতে পারে, সফল উদ্যোক্তা হিসাবে তারা যেন চাকুরী দিতে পারে।
ইউজিসি এর চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ বিডা এর প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, অচিরেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশেষ গুরুত্বসহকারে বিডা এর প্রস্তাবটি বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাবে, যাতে তারা অতিদ্রুত দক্ষ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে পাঠ্যসূচিতে পরিকল্পিত ভাবে এধরনের কোর্স সমূহের সূচনা করা যেতে পারে।
ইতোমধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ‘‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ইএসডিপি)” এর মাধ্যমে প্রশিক্ষদের প্রশিক্ষণ শেষে জেলা পর্যায়ের কার্যক্রম শুরু করেছে। এই বছরেই শুরু হওয়া দুই বছর মেয়াদি এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বাংলাদেশের ৬৪ জেলা জুড়ে নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ও সার্বিক সহায়তার মাধ্যমে ২৪,০০০ দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করা, যার মধ্য দিয়ে টেকসই উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে।
এসময়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














