ডিএসসিসির জরিমানায় সিপিডি’র ব্যাখ্যা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-১৯ ১৩:৩৬:৪৭


গত ১৮ আগস্ট ২০১৯ তারিখে সিপিডি’র নির্মাণাধীন ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা এডিস মশার লার্ভা সনাক্ত করেন এবং বিশ হাজার টাকা জরিমানার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সিডিপি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, যে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছে, সেটি গত তিন বছর ধরে সিপিডি’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে নেই। উল্লেখিত ভবনটি নির্মাণের জন্য নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠান এবং ঠিকাদার প্রতিষ্ঠানের তদারকিতে রয়েছে।

আরো জানানো হয়, সিপিডি’র সাথে চুক্তি অনুযায়ী ভবন নির্মাণের সময়কালে জমাকৃত সব ধরনের পানি নিয়মিত অপসারণের দায়িত্ব ঠিকাদার প্রতিষ্ঠানের। কিন্তু সাম্প্রতিক ঈদের ছুটির কারণে নিয়মিত নির্মাণ কাজ বন্ধ থাকায় বৃষ্টির পানি অপসারনের দায়িত্ব ঠিকাদার প্রতিষ্ঠান যথাযথভাবে পালন করেনি।

সিপিডি এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করে জানায়, ইতিমধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরামর্শ মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল সন্ধ্যায় আবারও পরিদর্শন শেষে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। উদ্ভুত পরিস্থিতিতে সিপিডি নির্মাণাধীন ভবনে পরিচ্ছন্নতার ব্যাপারে আরও সজাগ থাকবে।