বিএসইসি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক

:: আপডেট: ২০১৯-০৮-২২ ২০:০৪:২৯


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে দুর্নীতি দমন কমিশন (দূদক)। গত ৭ আগস্ট দূদকের একজন সহকারি পরিচালককে নিয়োগ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৭ আগস্ট দূদকের মানিলন্ডারিং বিভাগের পরিচালক গোলাম শাহারিয়ার চৌধুরী স্বক্ষরিত এক চিঠিতে সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ড. এম খায়রুল হোসেন বিভিন্ন গোষ্ঠির যোগসাজশে দুর্বল কোম্পানির শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অনুমোদন করেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে বিক্রি করে টাকা বিদেশে পাচার করেছে।

উল্লেখ, ২০১০ সালের ডিসেম্বরে পুঁজিবাজার ধসের পর খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার তৎকালীন কমিশন (বিএসইসি) পুনর্গঠন করে। এরই অংশ হিসেবে ২০১১ সালের মে মাসে তিন বছর মেয়াদে চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।

পরের বছরই খায়রুল হোসেনের নেতৃত্বাধীন কমিশন এর মূল আইন সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠায়। তাতে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের মেয়াদ সর্বোচ্চ চার বছর করা হয়। তবে একই ব্যক্তির দুই মেয়াদের বেশি নিয়োগ না পাওয়ার বিষয়টি বহাল রাখা হয়। ২০১২ সালে সংসদে এ আইন সংশোধন হয়।

২০১৮ সালের ২৪ এপ্রিল তৃতীয় বারের মতো ২ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ড. খায়রুল হোসেন। এর আগে গত ১৩ মে, দ্বিতীয়বারের মেয়াদ শেষ হয়।