ড্রিমলাইনার ‘গাঙচিল’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৮-২২ ১৩:১৫:৫২


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া নতুন বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘গাঙচিল’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে নতুন বোয়িং এর উদ্বোধন করেন তিনি।

বিকেল সাড়ে ৫টায় বিমানটি ঢাকা থেকে যাত্রী নিয়ে আবুধাবীর উদ্দেশে রওনা দেবে। চলতি বছরের ২৫ জুলাই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার সিয়াটল থেকে ঢাকায় আনা হয়। এই নিয়ে ‘গাঙচিল’সহ বিমান বহরে তিনটি ড্রিমলাইনার যুক্ত হলো। এতে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৫টি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করে। এসবের মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি বোয়িং ৭৩৭-৮০০ ও দুটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ইতিমধ্যে বিমান বহরে যুক্ত হয়েছে। বিমানের চারটি ড্রিমলাইনারের নাম বাছাই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে আকাশবীণা, হংসবলাকা ২০১৮ সালে বাংলাদেশে এসেছে। চতুর্থ ড্রিমলাইনারের নাম রাজহংস।

টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম এই ড্রিমলাইনার চালাতে অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ কম জ্বালানি লাগবে। গাঙচিল এর আসন সংখ্যা ২৭১টি, এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি এবং ২৪৭টি ইকোনোমি ক্লাস।
সানবিডি/এসএস