অধ্যাপক মোজাফফরের প্রথম জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২৪ ১০:৩৭:৫৯
মুজিব নগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) একাংশের সভাপতি সদ্য প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শুক্রবার (২৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টায় ন্যাপ অফিসে তাকে শ্রদ্ধা জানানো হবে। এরপর বেলা ১২ টায় তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে, সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ যোহর বায়তুল মোকাররম মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর পরদিন কুমিল্লার দেবিদ্বার উপজেলা নিজ গ্রামে অধ্যাপক মোজাফফর আহমদের দাফন সম্পন্ন করা হবে।
শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক মোজাফফর আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর।
অধ্যাপক মোজাফফর আহমদ মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের উপদেষ্টা ছিলেন। এছাড়া ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতাযুদ্ধে তার ভূমিকা অবিস্মরণীয়। তার জন্ম ১৯২২ সালে। ১৯৩৭ সালে রাজনীতিতে অংশ নেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে মোজাফফর আহমদ দেবীদ্বার থেকে নির্বাচনে অংশ নিয়ে তদানীন্তন মুসলিম লীগের শিক্ষামন্ত্রী মফিজুল ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে নজির সৃষ্টি করেছিলেন তিনি।
তার মৃত্যুর পর শুক্রবার (২৩ আগস্ট) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অধ্যাপক মোজাফফর আহমদের ভূমিকার কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশের প্রগতিশীল রাজনীতিতে মোজাফফর আহমদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














