বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী সিঙ্গাপুরের ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৮-২৫ ১৯:২০:৩৬
সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিজনেস ফেডারেশনের (এসবিএফ) নির্বাহী পরিচালক সু উই-চিয়েহ।
রোববার এফবিসিসিআই এর সাথে এসবিএফ-এর ১১ সদস্য বিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধিদল আলোচনাকালে এ কথা জানিয়েছেন।
এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতির বর্ননা দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই সবচেয়ে উদার এবং সহজ বিনিয়োগ সুবিধাদি রয়েছে।
এফবিসিসিআই সভাপতি বাংলাদেশে বিনিয়োগকারী সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে এদেশের অর্থনীতিতে অবদান রাখায় ধন্যবাদ জানিয়ে বলেন, সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে এফবিসিসিআই আপনাদের করপোরেট সদস্য হবার আহবান জানায়।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন, জাপান, নেদারল্যান্ড এবং সিঙ্গাপুর থেকেই বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে।
শেখ ফাহিম বলেন, বাংলাদেশে স্বল্প উৎপাদন ব্যয় এবং বিশ্বের বিভিন্ন দেশের বাজারে বাংলাদেশী পণ্যের সহজ প্রবেশাধিকার থাকায় সিঙ্গাপুরের ব্যবসায়িরা এদেশে আরও বেশি পরিমানে বিনিয়োগে এগিয়ে আসতে পারেন।
উল্লেখ্য, যারা এনভায়রনমেন্টাল সল্যুশন, আর্থিক সেবা খাত এবং কনজ্যুমার গুডস খাতে প্রতিনিধিত্ব করছে, তারা বর্তমানে তিন দিনের সফরে বাংলাদেশে রয়েছেন। এ সফরে তারা বাংলাদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। এফবিসিসিআই এবং এসবিএফ-এর যৌথ উদ্যোগে স্থানীয় এক হোটেলে ‘সিঙ্গাপুর-বাংলাদেশ বিজনেস নেটওয়ার্কিং’ অনুষ্ঠানে এসব আলোচনা হয়।
অনুষ্ঠানে সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি খাত, পরিবেশ, আর্থিক সেবা খাতসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বাণিজ্য খাতের প্রতিনিধিবৃন্দ অংশ নেয়। বাংলাদেশের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দসহ শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এফবিসিসিআই সহ-সভাপতিবৃন্দ ও পরিচালকবৃন্দ অংশ নেন। উল্লেখ্য যে, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ ১৪৯.৩৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য সিঙ্গাপুরে রপ্তানি করে এবং সিঙ্গাপুর থেকে ২২৮৬ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। সিঙ্গাপুরে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হচ্ছে নীটওয়্যার, ওভেন গার্মেন্টস, কৃষিপণ্য, প্রকৌশল পণ্য এবং হোম টেক্সটাইল। আর সিঙ্গাপুর থেকে মুলত খনিজ পণ্য, মেশিনারী সামগ্রী এবং কেমিকেল পণ্য আমদানি করা হয়।
সানবিডি/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














