সেপ্টেম্বর বসছে পোশাকখাতের আন্তর্জাতিক প্রদর্শনী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২৬ ১৫:৫০:৪৩


রাজধানী ঢাকায় আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে একসঙ্গে বসেছে পোশাকখাত সংশ্লিষ্ট তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। ৪ থেকে ৭ সেপ্টম্বর চার দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)।

প্রদর্শনী তিনটির মধ্যে রয়েছে- ‘২০তম টেক্সটেক বাংলাদেশ-২০১৯’, ‘১৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০১৯’ এবং ‘৩৮তম ডাই-ক্যাম বাংলাদেশ এক্সপো-২০১৯’।

সোমবার (২৬ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) এক সংবাদ সম্মেলন এ তথ্য জানায় প্রদর্শনী তিনটির আয়োজক সেমস গ্লোবাল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ সভাপতি রুমানা হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে প্রদর্শনী তিনটির সার্বিক তথ্য তুলে ধরেন সেমস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহেরুন এন ইসলাম। তিনি জানান, প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধা সাড়ে ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এতে বাংলাদেশ, চীন, ভারত, জার্মানি, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, তাইওয়ান, জাপান, তুরস্ক, ইতালি, শ্রীলঙ্কাসহ মোট ২৫টি দেশের প্রায় ১২৫০টি প্রতিষ্ঠান ১৫০০টি স্টলের মাধ্যমে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

প্রদর্শনী তিনটিকে বাংলাদেশের পোশাকশিল্প খাতের সর্ববৃহৎ প্রদর্শনী দাবি করে তিনি বলেন, প্রদর্শনীর দর্শনার্থীদের জন্য থাকছে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের আনুষঙ্গিক যন্ত্রপাতি, সুতা, কাপড়ের বিশাল সমাহার। এছাড়া কাপড় উৎপাদক মেশিনারিজ, নতুন নতুন টেকনোলজি ও রাসায়নিকদ্রব্যের সমাহারও থাকবে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রদর্শনীগুলোতে আগত দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এবং দর্শক, ভোক্তা, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য ওয়ানস্টপ ও যুগোপযোগী প্লাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে কার্যকরী ও ফলপ্রসূ যোগাযোগের মাধ্যমে উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবেন।

এছাড়া ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের সরাসরি সাক্ষাৎ এবং আলাপচারিতার ফলে সকলের মধ্যে সেতুবন্ধন গড়ে উঠবে এবং নতুন ব্যবসায়কি খাত প্রসার করবে। যা বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখবে- বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন- সেমস গ্লোবালের নির্বাহী পরিচালক তানভির কামরুল ইসলাম, মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান নাইম শরিফ, এজিএম কে এম খায়রুল হাসান আরিফ।