আইপিও অনুমোদন পেয়েছে এডিএন টেলিকম
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৩ ১৭:৩৩:২২
এডিএন টেলিকম লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৯৫তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, এডিএন টেলিকম লিমিটেড পুঁজিবাজার থেকে ৫৭ কোটি টাকা উত্তোলন করবে। এ লক্ষ্যে বুক বিল্ডিংয়ের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার শেয়ার ৩০ টাকা করে বিক্রয় করে ৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করা হয়। আর সাধারন বিনিয়োগকারীদের মধ্যে ৭৯ লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার ২৭ টাকা করে বিক্রয় করা হবে। এই শেয়ার বিক্রয় থেকে ২১ কোটি ৩৭ লাখ ৪৯ ৯৮২ টাকা সংগ্রহ করা হবে।
এর আগে ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বিডিং অনুমোদন দেয়।
আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য দাঁড়িয়েছে ১৬.১৩ টাকা এবং আর ভারিত গড় হারে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮১ টাকা। শেয়ারপ্রতি বেসিক মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫২ টাকা ও শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩৬ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
উল্লেখ্য, কোম্পানিটির ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নেট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৮০ টাকা এবং বেসিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৬৭ টাকা।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














