এফবিসিসিআই-অন্টারিও চেম্বারের সমঝোতা স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৯-০৪ ১৯:৩৯:০৪
দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং অন্টারিও চেম্বারের (ওসিসি) মধ্যে বাণিজ্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এবং ওসিসি সভাপতি মরকো রসি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।
টরেন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং অন্টারিও চেম্বার অব কমার্স (ওসিসি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় বাংলাদেশ-কানাডা বিজনেস ফোরাম-২০১৯ অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে বুধবার এফবিসিসিআই থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোরামে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বাংলাদেশের সম্ভাবনাময় খাত এবং কানাডার ব্যবসায়িরা কেন বাংলাদেশে বিনিয়োগ করবে এ বিষয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন দেন।
এ সময় বাংলাদেশে আরো বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে কানাডার ব্যবসায়িরা। এফবিসিসিআই সভাপতি বাণিজ্য বহুমুখীকরণে বাংলাদেশের তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, ওষুধ, হিমায়িত সামুদ্রিক খাদ্য, সিরামিক, পাটপণ্য, তথ্য প্রযুক্তি এবং হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি সম্ভাবনাময় খাতে কানাডার ব্যবসায়িদের বিনিয়োগের আহবান জানান।
এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ফোরামে তার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন এবং সরকারের দেয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে কানাডার ব্যবসায়িদেরকে বাংলাদেশে আরো বিনিয়োগের আহবান জানান।
শেখ ফাহিম বলেন, গত অর্থবছরে বাংলাদেশ ও কানাডার দ্বিপাক্ষিক বাণিজ্য ১.৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর মধ্যে বাংলাদেশ ১.১২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ০.৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। বিনিয়োগ আকর্ষণে সরকার ব্যবসা পরিচালনা সহজ করার বিশেষ উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের অর্থনীতি যেহেতু দ্রুত অগ্রসর হচ্ছে তাই কানাডার সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরো বাড়বে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং অন্টারিওর অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান এবং বাণিজ্য বিষয়ক মন্ত্রী ভিক্টর ফিডেলি।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














