`কেউ খাদ্যে ভেজাল দিতে না পারে এমন পরিস্থিতি সৃষ্টি করুন’
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৪ ১৬:৩১:০৫
ড্রাগসের (মদক) মতো সারা দেশে নিরাপদ খাদ্য নিশ্চিতের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এমন পরিস্থিতি সৃষ্টি করুন যাতে বাংলাদেশে কেউ খাদ্যে ভেজাল দিতে না পারে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘নিরাপদ খাদ্য ও কৃষি ব্যবস্থাপনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অথেনটিক ল্যাব থেকে পরীক্ষা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে হবে। ড্রাগসের বিরুদ্ধে সরকার যেমন চেষ্টা করছে ঠিক তেমনিভাবে সারা দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, যারা খাদ্য তৈরি করছে তাদের থেকে শুরু করে যারা বাজারজাত করছে তাদেরও তদারকি করতে হবে। এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে কেউ যেন আর বাংলাদেশে খাদ্যে ভেজাল দিতে না পারে বা নিম্ন মানের খাবার তৈরি করতে না পারে।
এ সময় নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, আমরা যারা খাবার খাচ্ছি তাদের সচেতন হতে হবে। একই সঙ্গে যারা খাদ্য উৎপাদন করছে তারাসহ বিজ্ঞানীদেরও দায়িত্ব আছে।
কৃষিমন্ত্রী বলেন, বিল গেটস থেকে শুরু করে যত বড় ধনী লোকই হোক তারা ফার্মের মুরগি খায়। কিন্তু আমাদের দেশে ফার্মের মুরগি বিক্রি হয় না। আমাদের দেশে সবার মধ্যে ধারণা আছে, ফার্মের মুরগির মধ্যে ট্যানারি বর্জ আছে। এটা খেলে ক্যানসার হতে পারে।
‘আমি বলব, এটা মানুষের কোনো দোষ না। প্রাণি সম্পদ মন্ত্রণালয়কে বলব, আমরা যারা স্টেকহোল্ডার আছি, তাদের ডাকেন, র্যাবকে ডাকেন, বিজিবিকে ডাকেন, পুলিশকে ডাকেন, ডেকে একটি টাস্কফোর্স গঠন করে বিষয়টি তদারকি করেন। কিছু যে ভেজাল নাই, সেই কথা আমি বলব না’- বলেন আব্দুর রাজ্জাক।
রফতানি আয় বহুমুখী করার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, আমাদের রফতানি আয়ের ৮০ শতাংশই আসে গার্মেন্টস থেকে। রাজনৈতিক বা অন্য কোনো কারণে যদি এটি বাধাগ্রস্ত হয় তাহলে আমাদের অর্থনীতি ভেঙে পড়বে। তাই আমাদের অর্থনীতিকে বহুমুখী করতে হবে। এ ক্ষেত্রে কৃষি সব থেকে বড় ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান, সদস্য অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল’র সদস্য পরিচালক ড. মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ, বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ এফ এম ফকরুল ইসলাম মুন্সী, মা-মনি কৃষি খামারের মালিক শাহজাহান আলী বাদশা, এসিআই অ্যাগ্রো লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ফাহ আনসারী প্রমুখ।
সানবিডি/ঢাকা/এবিএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














