অধ্যক্ষকে পুকুরে ফেলার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৩ ১২:৩০:৩০
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিনকে পানিতে ফেলে দেওয়ার ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (২ নভেম্বর) রাতে জিজ্ঞাসাবাদের জন্য ২৫ জনকে আটক করা হলেও ওই মামলায় পরে পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে অধ্যক্ষকে লাঞ্ছিত ও পানিতে ফেলে দেওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা ছাত্রলীগের রাজনীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। আজ রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে তারা প্রতিষ্ঠানটির ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে শিক্ষকরাও মানববন্ধনে অংশ নেন।
পুলিশ জানায়, ঘটনায় জড়িত সন্দেহে ২৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে পাঁচজনকে ভিডিও ফুটেজ ও অধ্যক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তাররা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানায়।
নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িতদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চেষ্টা চলছে অন্যদের গ্রেপ্তারের।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













