স্থলবন্দরের পেঁয়াজ বাজারে অভিযান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৪ ১২:২২:৪৮


পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যায় হিলি বাজারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল রাফিউল আলমের নেতৃত্বে প্রশাসনের একটি টিম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় দুই দোকানিকে এনালগ পাল্লা ব্যবহার করার দায়ে জরিমানা ও সকল দোকানে মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা প্রদান করে আদালত।

হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার আব্দুল রাফিউল আলম জানান, দেশের বর্তমান পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী। বাজারে কোন ব্যবসায়ী যেন পেঁয়াজ মজুদ করে এর দাম বৃদ্ধি না করতে পারে সে উদ্দেশ্যে আমরা নিয়মিত কাঁচাবাজার অভিযান চালাচ্ছি। কাঁচাবাজারে পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।
সানবিডি/ঢাকা/এসএস