পরকীয়ার জড়িয়ে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১১-০৫ ২০:০৩:৩২
পরকীয়ার জড়িয়ে স্বামীকে পিঠার সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে এবং পরে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও দোষী প্রমাণিত হওয়া আসমা বেগম নামে ওই নারীকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালের ১২ জানুয়ারি মাদারীপুরের ডাসার থানার পূর্ব বোতলা গ্রামে মামলার আসামি আসমা বেগম পরকীয়া প্রেমের কারণে তার স্বামী আলহাজ সর্দারকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ফেলেন। পরে গলায় ফাঁস দিয়ে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি।
ঘটনার পরদিন ডাসার থানায় নিহতের বোন সাজেদা বেগম বাদী হয়ে আসমা বেগম ও তার প্রেমিক কালকিনি উপজেলার রামনগর গ্রামের লাল মাহমুদ সর্দারের ছেলে রাব্বি সর্দারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের তদন্তে প্রেমিক রাব্বি সর্দারকে অব্যাহতি প্রদান করা হয়।
পরে মামলাটিতে ব্যাপক যুক্তিতর্ক উপস্থাপন শেষে, আসামি আসমা বেগম দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন। এসময় আসামি আসমা বেগম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন।
রায় শুনে আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং জানান, ‘বিজ্ঞ আদালতের রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। পরকীয়ার জেরে যাতে আগামীতে আর কেউ এরকম অপকর্ম করতে না পারে, এই রায়ের মাধ্যমে সেটিই প্রমাণিত হলো।’
এদিকে মামলার বাদী ও নিহতের বোন সাজেদা বেগম বলেন, ‘আমাদের চাওয়া ছিল আসামিকে ফাঁসি দিবে আদালত। কিন্তু সেটা না দিলেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়ায় আমরা খুশি হয়েছি। এতে আমার মৃত ভাইয়ের আত্মা শান্তি পাবে।’
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













