‘বুলবুল আঘাত হানার পর নির্ঘুম রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী’
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১০ ২০:০৯:৫৯
সরকারের প্রস্তুতির কারণেই ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। সেইসঙ্গে ঘূর্ণিঝড় আঘাত হানার পর প্রধানমন্ত্রী নির্ঘুম রাত কাটিয়েছেন বলেও জানান তিনি।
আজ রোববার নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘সরকারের প্রস্তুতির কারণেই ঘূর্ণিঝড় বুলবুল কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।’
ঘূর্ণিঝড় আঘাত হানার পর প্রধানমন্ত্রী নির্ঘুম রাত কাটিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
নূর হোসেন সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘নূর হোসেনসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যায়নি। তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সেইসঙ্গে ভাত ও ভোটের অধিকার পেয়েছে।’
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














