‘বুলবুল’ কেড়ে নিল ১৩ জনের প্রাণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১১ ১৩:০১:৫৯
ঘূর্ণিঝড় বুলবুলের দমকা হাওয়ায় গাছ ও ঘরচাপা পড়ে এবং আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে ১০ জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এর মধ্যে খুলনা, বরগুনা ও গোপালগঞ্জে দুজন করে এবং পটুয়াখালী, ভোলা, শরীয়তপুর, পিরোজপুর, মাদারীপুর, বরিশাল ও বাগেরহাটে একজন করে মারা গেছেন।
আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
খুলনা
খুলনার দীঘলিয়া এবং দাকোপ উপজেলায় গাছচাপা পড়ে দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিহতরা হলেন- দীঘলিয়া উপজেলায় সেনহাটির আলমগীর হোসেন (৩২) এবং দাকোপের প্রমীলা মণ্ডল (৫২)।
দাকোপের ইউএনও আবদুল ওয়াদুদ জানান, প্রমীলা শনিবার রাতে দক্ষিণ দাকোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে ছিলেন। ঝড় দুর্বল হওয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে তিনি নিজের বাড়ি ফিরে যান। সেখানে একটি গাছ ভেঙে পড়লে তাতে চাপা পড়ে প্রমীলার মৃত্যু হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ জানান, সকাল ৯টার দিকে সেনহাটি গ্রামে নিজের বাসার কাছে ঝড়ে ভাঙা সজনে গাছের নিচে চাপা পড়ে আহত হন আলমগীর হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বরগুনা
বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের এক আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে হালিমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়। ৭০ বছর বয়সী হালিমা ওই ইউনিয়নের বানাই গ্রামের মোজাফ্ফর আলীর স্ত্রী। ঝড়ের কারণে গত শনিবার ডিএন কলেজ আশ্রয়কেন্দ্রে এসেছিলেন তিনি।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিচুর রহমান বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন হালিমা খাতুন।’
এদিকে বিকেলে ঝড়ে ভেঙে পড়া গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেছে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ছোট লবনগোলা গ্রামের বাসিন্দা মহিবুল্লাহর।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এক সংবাদ সম্মেলনে জানান, ভাঙা ডাল কাটতে গাছে উঠেছিলেন মহিবুল্লাহ। পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ
ঘূর্ণিঝড় বুলবুলে গাছ ভেঙে পড়ে গোপালগঞ্জে দুজনের মৃত্যুর খবর জানিয়েছে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ। নিহতদের মধ্যে সেকেন হাওলাদার (৭০) কোটালীপাড়া উপজেলার বান্দাবাড়ি ইউনিয়নের বান্দাবাড়ি গ্রামের বাসিন্দা। দুপুরে ঝড়ো হাওয়ার মধ্যে একটি গাছ ভেঙে পড়লে তিনি তার নিচে চাপা পড়েন।
নিহত মতি বেগমের (৬০) বাড়ি সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে। তিনিও ঝড়ের মধ্যে গাছচাপা পড়েন বলে জেলা প্রশাসন জানিয়েছে।
পটুয়াখালী
দমকা হওয়ায় গাছ উপড়ে বসতঘরের উপর পড়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় হামেদ ফকির নামে এক বৃদ্ধ নিহত হন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর রামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন।
নিহত হামেদ ফকিরের বয়স ৬৫ বছর। পেশায় তিনি ছিলেন একজন মৎস্যজীবী।
ভোলা
ঝড়ের মধ্যে ভোলার ইলিশায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় এক জেলের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে ১৩ জন।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, চরফ্যাসনের আবদুল্লাহপুরের ২৪ জেলেসহ একটি ট্রলার চাঁদপুর মৎস্য ঘাটে মাছ বিক্রি করে চরফ্যাশনে আসার সময় মেঘনা নদীতে ডুবে যায়। উদ্ধারকর্মীরা একজনের লাশ এবং ১০ জনকে জীবিত উদ্ধার করলেও ১৩ জন জেলে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
শরীয়তপুর
ঘূর্ণিঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মো. আলী বক্স ছৈয়ালের বয়স ৭০ বছর। গাছ ভেঙে ঘরের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নড়িয়া থানার ওসি হাফিজুদ্দিন জানান, রোববার বিকেলে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দেওজড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পিরোজপুর
দমকা হাওয়ায় গাছ চাপা পড়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ননী শিকারীর বাড়ি নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের লড়া গ্রামে।
নাজিরপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, সকালে বুলবুলের তাণ্ডব শুরু হলে গাছ উপড়ে ননীর বাড়ির উপর পড়ে। এ সময় গাছের নিচে চাপা পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মাদারীপুর
মাদারীপুর সদর উপজেলায় ঝড়ো হাওয়ায় ঘর চাপা পড়ে সালেহা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস জানান। মৃত সালেহা বেগম সদর উপজেলার ঘটমাঝি গ্রামের আজাদ খাঁয়ের স্ত্রী।
সাইফুদ্দিন বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের সময় দমকা বাতাসে সালেহা বেগমের ঘর বাতাসে হেলে পড়ে। এ সময় ঘরের ভেতরের একটি আলমারি গায়ের উপর পড়ে গুরুতর আহত হন সালেহা। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল
বরিশালে গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান। গতকাল রোববার বেলা ২টার দিকে উজিরপুর পৌর শহরের এক নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতের নাম- আশালতা মজুমদার (৬০)।
জেলা প্রশাসক বলেন, বুলবুল এর প্রভাবে প্রবল বৃষ্টি ও দমকা হওয়া বইছিল। এ সময় নিজ ঘরেই অবস্থান করছিলেন আশালতা। বাতাসে একটি গাছ উপড়ে তার ঘরের উপর গিয়ে পরে। এতে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাগেরহাট
বাগেরহাটের রামপাল ঘরের উপর গাছ চাপা পড়ে সামিয়া খাতুন নামে ১৫ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুজন। সামিয়া ওই উপজেলার দর্পনারায়ণপুর গ্রামের বাবুল শেখের মেয়ে।
পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, রোববার বেলা পৌনে ১২টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে একটি মেহগনি গাছ উপড়ে টিনের ঘরের ওপর পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














