কর্মবিরতির নামে ধর্মঘট অবিলম্বে প্রত্যাহার করুন : যাত্রী কল্যাণ সমিতি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২০ ১৫:৪১:২৮
কর্মবিরতি নামে অঘোষিত পরিবহন ধর্মঘট জরুরি ভিত্তিতে অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একইসঙ্গে মালিক-শ্রমিক-যাত্রী সকল মহলকে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানায় সংগঠনটি।
আজ বুধবার সকালে এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘একটি চিহ্নিত কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী পরিবহন সেক্টরে প্রভাব বিস্তার করে নানা সময়ে সরকারের ভালো কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই গোষ্ঠী জনগণের প্রত্যাশিত নতুন সড়ক আইন বাস্তাবায়নে বাধা দিচ্ছে। তারা নিরীহ শ্রমিকদের মাঝে গুজব রটিয়ে ফায়দাতন্ত্র হাছিল করতে চায়। কেননা এই মহলটি পরিবহন সেক্টরে চাঁদাবাজি, ধান্ধাবাজি, নৈরাজ্য জিইয়ে রেখে দীর্ঘদিন ধরে তাদের কায়েমীস্বার্থ হাছিল করে আসছিল।
নতুন সড়ক আইন বাস্তবায়ন হলে তাদের এহেন অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হওয়ার শংকায় তারা আবার নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান মোজাম্মেল হক চৌধুরী।
পরিবহন আইন সংশোধনসহ যেকোনো দাবি-দাওয়া গণতান্ত্রিক পন্থায় আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব আরও বলেন, ‘এই আইনে যাত্রী সাধারণের কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি। ভাড়া নির্ধারণ, পরিবহন পরিচালনার কমিটিসহ সকল ক্ষেত্রে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা গণমানুষের দাবি। তাই আমরাও এই আইন সংশোধন চাই।’
দাবি আদায়ের নামে জনদুর্ভোগ সৃষ্টি করে সরকারকে জিম্মি করার ষড়যন্ত্র থেকে বেড়িয়ে এসে জরুরি ভিত্তিতে কর্মবিরতির নামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করার আহ্বান জানান তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














