রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২০ ১৯:২৩:২৩


টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দেড় ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।

নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীস বর্ধন।

মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের অপারেটর শাহাদাত হোসেন যুগান্তরকে বলেন, বিকাল ৫টা ১৫মিনিটে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে আমাদের ২৫টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা- তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি অপারেটর শাহাদাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে রাজধানী সুপার মার্কেটের পশ্চিম পাশের নিচতলায় আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নিচতলার পুরো মার্কেটে। আগুন ছড়িয়ে পড়েছে দ্বিতীয় তলায়ও। আগুনের ধোঁয়ায় পুরো টিকাটুলি এলাকা ছেয়ে গেছে।

রাত ৭টা ১৪ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিস। তাদের ভাষ্য, আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। পুরোপুরি না নিভলেও আগুন আর ছড়িয়ে যাবে না।