দিনাজপুরে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৭ ১৮:৩২:২৭
দিনাজপুরে স্বামীকে হত্যার দায়ে ডলি খানম (২৫) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১২টায় দিনাজপুরের তিন নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনোয়ারুল হক এই রায় প্রদান করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ডলি খানম দিনাজপুর সদর উপজেলার চৌঘরিয়া গ্রামের বেলায়েত মোল্লার মেয়ে।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৪ নভেম্বর রাত ১০টার দিকে ডলি খানম তার গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের প্রয়াত ওমর আলীর ছেলে সাজ্জাদ আলীকে দিনাজপুর সদর উপজেলার চৌঘরিয়া গ্রামের বাসায় হত্যা করে পালিয়ে যায়। পরে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরদিন ৫ নভেম্বর নিহত সাজ্জাদ আলীর বড় ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে ডলি খানমের বিরুদ্ধে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় পুলিশ ডলিকে গ্রেফতার করে। পরে ডলি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাসনে ইমাম নয়ন। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ইমামুল ইসলাম।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













