মাদারীপুরে বক্স বাজানো নিয়ে সংঘর্ষে আহত ৪০
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৯-১১-২৮ ১৮:০১:৪৩
মাদারীপুরের রাজৈরে সুন্নাতে খৎনা অনুষ্ঠানে বক্স বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২২ জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাতে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামে একটি বাড়িতে খৎনা অনুষ্ঠানে বক্স বাজানোকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিবদমান দুটি পক্ষ নুরুল ইসলাম মাতব্বর ও বর্তমান মেম্বার মজিবর মাতব্বরের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়।
আহতদের মধ্যে হায়ার মাতুব্বরের (৬০) অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজৈর থানার ওসি মো. শাহজাহান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













