ভারত অবকাঠামো খাতে বিনিয়োগ করবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০১ ১৫:১০:৪৫
আগামী পাঁচ বছরে অবকাঠামো খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের পরিকল্পনা করছে ভারত। ধারাবাহিকভাবে এই খাতে এক লাখ ৩৯ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার তিনি বলেছেন, অর্থনীতিতে প্রণোদনা দিতে এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চলতি মাসেই এর বিস্তারিত জানানো হবে।
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
শুক্রবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, গত জুলাই-সেপ্টেম্বর মেয়াদে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে। ২০১৩ সালের পর এটিই দেশটির সর্বনিম্ন প্রবৃদ্ধি। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ওপর চাপ বেড়েছে। জোরালো হয়েছে অর্থনৈতিক সংস্কারের তাগিদ।
শনিবার মুম্বাইয়ে এক ব্যবসায়ী সম্মেলনে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, কর্মকর্তারা বেশ কয়েকটি প্রকল্প চূড়ান্ত করে ফেলেছেন। অর্থায়ন নিশ্চিত হলেই তা বাস্তবায়িত হবে। তিনি বলেন, এই কাজ প্রায় শেষের দিকে। ১৫ ডিসেম্বরের আগেই আমরা অন্তত দশটি প্রকল্প শুরুর ঘোষণা দিতে পারবো।
ভারতের অর্থনীতিতে গতি ও বৈদেশিক বিনিয়োগ আনার প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে ক্ষমতায় আসেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। তখন থেকেই কর্পোরেট ট্যাক্স কমানো আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কাজে গতি আনাসহ নানামুখী প্রণোদনামূলক পদক্ষেপ হাতে নেওয়া শুরু করে তার সরকার। তবে অবকাঠামো সংস্কারের টানাপড়েনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হন তিনি। ২০১৯ সালের মে মাসে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন মোদি। এবারের মেয়াদেও অর্থনীতির কয়েকটি সূচকে অভ্যন্তরীণ বাজার দুর্বল হতে দেখা গেছে। অর্থনীতিবিদের আশঙ্কা, বিদ্যমান ধীর প্রবৃদ্ধি আরও দুই বছর ধরে চলতে পারে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














