ট্রাকচাপায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৯ ১৫:২৮:০৪
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঘন কুয়াশার কারণে ট্রাকচাপায় অটোরিকশার তিন আরোহী মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার শশার বাজার এলাকায় ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি অটোরিকশার চালক রুবেল মিয়া (২৩)। তার বাড়ি তারাকান্দা উপজেলার আউটদার গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। হালুয়াঘাটগামী একটি ট্রাক শশার বাজার এলাকায় ওই অটোরিকশাকে চাপা দিলে চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
শীতের সকালে ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













