কেরানীগঞ্জে আগুন : নিহত বেড়ে ২১

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২১ ১৫:৩৫:৪৯


কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ সাজু ইসলাম (১৯) নামে আরো একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তিনি শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাজুর গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীতে।

ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী সামন্ত লাল সেন এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। দগ্ধ হন অনেকে।
সানবিডি/ঢাকা/এসএস