কাশিয়ানীতে চলন্ত ভ্যান থেকে পড়ে যাত্রী নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৯-১২-২২ ১৫:১৩:৩০
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোটরচালিত চলন্ত ভ্যান থেকে পড়ে আবদুল আলিম মোল্যা (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল আলিম মোল্যা কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্যার ছেলে।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ জানান, আলিম মোল্যা একটি ভ্যানে করে নিজ গ্রাম জয়নগর থেকে ভাটিয়াপাড়া হয়ে কাশিয়ানী উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় ভ্যানটি ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় পৌঁছালে চলন্ত ভ্যান থেকে ছিটকে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর পড়ে যান।
পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













