‘নিরাপদ খাদ্য নিশ্চিতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই’
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২২ ১৭:৩৪:০৭
মানুষের অন্যতম মৌলিক অধিকার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী সামাজিক আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য, তরুণ চিন্তক ও সংগঠক ব্যারিস্টার জাকির আহাম্মদ।
খাদ্যে ভেজালকে বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা উল্লেখ করে তিনি বলেন, সরকার যতই আইন করুক, জনগণ সচেতন না হলে কিছুতেই খাদ্যে ভেজাল প্রতিরোধ সম্ভব হবে না। এজন্য সবাই মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ রাজধানীর কাকরাইলে তার চেম্বারে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ খাদ্য ও ভোগ্যপণ্য আন্দোলন, বাংলাদেশ”র উপদেষ্টা হিসেবে চিঠি হস্তান্তরকালে তিনি একথা বলেন।
ব্যারিস্টার জাকির বলেন, যে জাতি সামান্য মুনাফার লোভে খাদ্যে ভেজাল মেশায়, সে জাতির মত দূর্ভাগা আর কেউ নেই। তিনি এ আত্মঘাতী ও অসৎ কাজ থেকে বিপদগামী মানুষকে সঠিক পথে ফেরাতে নিরাপদ খাদ্য ও ভোগ্যপণ্য আন্দোলন, বাংলাদেশ’র উপদেষ্টা মনোনিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ ধরণের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলো সক্রিয় হলে সমাজের অনিয়মগুলো এমনিতেই দূর হয়ে যাবে। সেজন্য এ সংগঠনের জন্য আইনী থেকে শুরু করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, খাদ্য সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যেখানেই কোন অনিয়ম ও দুর্নীতি হবে তাদের তালিকা তৈরি করে তা প্রকাশ করতে হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কামরুজ্জামান বাবলুর নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার সময় সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজম, সিনিয়র সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সহ-সভাপতি, সরদার মোহাম্মদ আব্দুস সাত্তার ও ইসমাঈল হোসেন সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার নিজামী, সাংগঠনিক সম্পাদক ফারুক আলম, আইন সম্পাদক এডভোকেট মোহাম্মদ তরিক উল্ল্যাহ (এমটি উল্লাহ), কর্মসূচী সমন্বয়ক মোঃ শামসুল আরেফীন, দপ্তর সম্পাদক মো. আব্দুল আজিজ, প্রচার-প্রকাশনা সম্পাদক মাহমুদুর রহমান খান বাপ্পী, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ঈমাম হাছান, নির্বাহী সদস্য মইন উদ্দিন আহাম্মদ, গিয়াস উদ্দিন, এম এ আহাদ শাহীন, আনজুমান আরা তন্নী ও জোবাইদা গুলশান খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী পদাধিকার বলে সবসময় সংগঠনের প্রধান, একই মন্ত্রণালয়ের সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে উপদেষ্টা মনোনিত করা হয়। এছাড়াও সব স্তরের পেশাজীবীদের থেকেও উপদেষ্টা রয়েছে।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














