বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, লাঠিচার্জে আহত ৫

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৪ ১৮:৫৪:৪১


সাভারে এক মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জিকে গার্মেন্ট নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের লাঠিচার্জে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের কাঁচাবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারখানাটির শতাধিক শ্রমিক।

শ্রমিকরা জানান, বিরুলিয়া রোডের জিকে গার্মেন্ট কারখানা কর্তৃপক্ষ তাদের এক মাসের বকেয়া বেতন পরিশোধ না করে তালবাহানা করে আসছে। এরই জেরে কারখানায় কাজে যোগ দিতে এসে কর্মবিরতি শুরু করেন তারা।

পরে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাঁচাবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় তখন মহাসড়কের এক পাশে সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। এর আগে কারখানার ভিতরেও আরেকদফা লাঠি চার্জ করা হয়। এতে তাদের অন্তত পাঁচ শ্রমিক আহত হয়। পরে শ্রমিকরা সড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের সড়ক সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় শ্রমিকদের দাবির ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে।
সানবিডি/ঢাকা/এসএস