চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৫ ১৫:৩৭:৫৮
কুষ্টিয়া, নেত্রকোনা, বাগেরহাট ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। গতকাল ও সোমবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর—
কুষ্টিয়া: গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের লালন শাহ সেতু সংলগ্ন এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন অটোরিকশার যাত্রী মেজবাউল আলম (৩০), তার মা মাহমুদা খাতুন (৫৫), স্ত্রী শিরিন সুলতানা (২৫) ও আট মাস বয়সী ছেলে ইব্রাহিম মিহাত। নিহত অটোরিকশাচালকের পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম দুর্ঘটনায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বিকালে একটি সিএনজিচালিত অটোরিকশা ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এ সময় ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত শিশুটিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। আর বাকি দুজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। একই সঙ্গে হতাহতদের হাসপাতালে ভর্তি করে।
নেত্রকোনা: জেলার দুর্গাপুরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজার এলাকায় বালিবাহী ট্রাকের চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দুর্গাপুরের বিশ্বনাথপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী সোলেমা খাতুন (৩৫), একই উপজেলার শিমুলতলা গ্রামের আবদুল কুদ্দুস (৪৫) ও উপজেলার ইন্দ্রপুর গ্রামের নুরু মিয়া (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জারিয়া থেকে একটি ইজিবাইকে করে গৃহবধূ সোলেমা খাতুনসহ চার যাত্রী দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বিরিশিরি উতরাইল বাজার এলাকায় বালিবোঝাই একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে গৃহবধূ সোলেমা খাতুনসহ চারজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহ নেয়ার পথে সোলেমা খাতুন, আবদুল কুদ্দুস ও নুরু মিয়া মারা যান।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ট্রাকের চাপায় আহত হয়ে তিনজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাগেরহাট: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নুর ইসলাম ফরাজী (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের আরা ফিলিং স্টেশনের সামনে খড়ভর্তি ট্রাকের চাপায় তিনি নিহত হন। নুর ইসলাম ফরাজী ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের মো. কুদ্দুছ ফরাজীর ছেলে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল আনাম বলেন, নুর ইসলাম ফরাজী সড়ক দিয়ে হেঁটে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।
লক্ষ্মীপুর: রায়পুরে হাসপাতালে অসুস্থ ভাগ্নিকে দেখে ফেরার পথে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল দুপুরে নিহতের বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ দুর্ঘটনায় আনোয়ার হোসেনও আহত হয়েছেন।
জানা গেছে, গত সোমবার রাতে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ভূঁইয়ার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। দেলোয়ার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের আবদুল মোতালেবের ছেলে ও স্থানীয় একটি ফার্মেসির মালিক।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ ভাগ্নিকে দেখে আনোয়ার হোসেন ও দেলোয়ার মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। দেলোয়ার মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার মারা যান। গুরুতর আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পরই কাভার্ড ভ্যান নিয়ে চালক পালিয়ে গেছেন। অজ্ঞাত ওই চালকের বিরুদ্ধে নিহতের বড় ভাই আনোয়ার মামলা করেছেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














