১০ বিলিয়ন ডলার চায়না বিনিয়োগের আশা বাণিজ্যমন্ত্রীর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-৩০ ২২:০০:১২
২০২১ সালে বাংলাদেশে চায়নার বিনিয়োগ ১০ বিলিয়ন ডলার হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, চীন বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়নের অংশীদার। বাংলাদেশের বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে একক বড় বিনিয়োগকারী চীন এবং এক নম্বর উন্নয়নের অংশীদার। আগামী ২০২১ সালে বাংলাদেশে চায়নার বিনিয়োগ ১০ বিলিয়ন ডলার হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সোমবার (৩০ ডিসেম্বর) চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ আয়োজিত ঢাকার একটি হোটেলে অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোন এবং ইপিজেড এ বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে। চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বপ্নের বাংলাদেশ গড়তে চীন পাশে থাকবে বলে আমরা আশা করি। সবদিক বিবেচনা করে বাংলাদেশে চীন বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে তৈরি পোশাক শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাকের চীনের বাজারে রফতানি বাড়ছে। চীন সরকার তৈরি পোশাক রফতানি খাতে বাংলাদেশের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করলে রফতানি বাড়বে। রফতানি বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা অনেক বেড়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, এফবিসিসিআইর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহীম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল সালাহ উদ্দিন, চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এর প্রেসিডেন্ট লিন উয়েকিং।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














