স্বপ্নের পদ্মা সেতুর ৩ কিলোমিটার দৃশ্যমান

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১২-৩১ ১৬:৫০:১২


বহুল প্রতিক্ষীত স্বপ্নের পদ্মা সেতুর আজ  মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হলো ২০তম স্প্যান। এতে দৃশ্যমান হলো সেতুর ৩ কিলোমিটার।

বেলা ১২টার দিকে স্প্যানটি নিয়ে  মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা দেয় তিয়ান-ই ভাসমান ক্রেন।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ২০তম স্প্যানটি তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে প্রতিটি স্প্যান মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে নিয়ে পিলারে বসানো হয়।

গত ১১ ডিসেম্বর পদ্মা সেতুর ১৮তম স্প্যান এবং ১৮ ডিসেম্বর বসানো হয় ১৯তম স্প্যান। সেতু কর্তৃপক্ষ জানায়, দেশে এ পর্যন্ত ৩৩টি স্প্যান এসেছে।

সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজ সিডিউল অনুযায়ী চলছে।

দেশের সর্ববৃহৎ সেতুটির মূল অংশের নির্মাণকাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড।

২০১৪ সালের ডিসেম্বরে সেতুর কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে।