সোলার প্যানেল সেচ প্রকল্পে ৫ হাজার পরিবারের উপকার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০১ ১৬:২০:২৫


সিলেটের গোয়াইনঘাটে এলাকায় ফসল উৎপাদনের লক্ষ্যে বিদ্যুৎ ছাড়া সোলার প্যানেলের মাধ্যমে সেচ প্রকল্প গড়ে উঠেছে। এই সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে এলাকার ৫ হাজার কৃষক পরিবার উপকৃত হচ্ছেন। দীর্ঘদিন থেকে পড়ে থাকা অনাবাদি পতিত ভূমি চাষের আওতায় আসায় স্থানীয়রা ফসল ফলিয়ে উপকারভোগী হচ্ছেন। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ঐকান্তিক প্রচেষ্টায় গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র মাধ্যমে বাস্তবায়িত সিলেট বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় খলামাধব গ্রামে সোলার ফুশমুড নলকূপ প্রকল্পের দ্বারা গোয়াইনঘাটে সরকারের কৃষিবান্ধব নীতির আর একটি উদাহরণ রচিত হয়েছে। সরজমিন গোয়াইনঘাটের ১নং রুস্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খলামাধব গ্রাম পরিদর্শনকালে প্রকল্পটির চিত্র চোখে পড়ে। ৩৫ লাখ টাকা কারিগরি এবং ডিপটিওবয়েল স্থাপন, ১ কিলোমিটার মাটির নিচ দিয়ে পাইপ লাইন স্থাপনসহ সর্বসাকূল্যে ৪৭ লাখ টাকা ব্যয়ে গৃহীত এই প্রকল্প স্থানীয় এলাকার উপকারভোগী কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। প্রকল্পটির নির্মাণ কাজ ২০১৬-২০১৭ অর্থবছরে শেষ হয় এবং ২০১৭-২০১৮ অর্থবছর থেকে প্রকল্পটি জনগণের সেবার সুবিধায় আসে। উক্ত প্রকল্পের আওতায় দেড় কিউসেক পাম্প ব্যবহৃত হচ্ছে।

তৈরি করা এসব প্যানেলের দ্বারা প্রতি ঘণ্টায় ১ লাখ ৫০ লিটার হারে প্রতিদিন ৪ ঘণ্টায় ৬ লাখ লিটার পানি উত্তোলন করা সম্ভব। স্থানীয় ২৫ হেক্টরেরও বেশি ভূমিতে এবার ইরি আবাদ হচ্ছে। ১ নং রুস্তমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য কামাল হোসেন উক্ত প্রকল্পের একজন সফল উদ্যোক্তা। এ ব্যাপারে কথা হলে জানান, আমাদের এলাকার মানুষজন কৃষক। কিন্তু বেশির ভাগ কৃষকই অলসতায় মগ্ন ছিল। পানি সেচের সুবিধা না থাকায় কৃষকরা বাধ্য হয়ে শীত মৌসুমে তাদের জমি চাষাবাদের আওতার বাইরে রাখতেন। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় আমরা এলাকাবাসী কৃষি ব্যবস্থাপনায় ব্যাপক হারে উপকৃত হচ্ছি। ব্যয়বহুল এই প্রকল্প বাস্তবায়ন করে এলাকার পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসা এবং কৃষকদের উপকারে পাশে দাঁড়িয়ে নজির তৈরি করায় আমরা সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিসহ সরকারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন সিলেট জোনের সহকারী প্রকৌশলী রুবায়েত ফয়সাল আল মাসুম জানান, জনগণের দোরগোড়ায় সেবা, সরকারের এমন সিদ্ধান্তের আলোকে কৃষকবান্ধব বর্তমান সরকার গোয়াইনঘাটের কৃষকদের কল্যাণে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে সোলার প্যানেলের মাধ্যমে সোলার ফুশমুড নলকূপ প্রকল্প বাস্তবায়ন করেছেন। এতে করে স্থানীয় অনাবাদি জমি চাষাবাদের আওতায় আসবে এবং স্থানীয়রা ব্যাপকহারে উপকৃত হবেন। উক্ত প্রকল্পে কোনো বিদ্যুৎ খরচ নেই। বাৎসরিক মাত্র ২০ হাজার টাকা সরকারি ফি জমা দিয়ে স্থানীয় কৃষকরা ব্যাপক পানি সেচ সুবিধা পাবেন। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি জানান, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বঙ্গবন্ধু তনয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব প্রকল্পের আওতায় সোলার ফুশমুড নলকূপ প্রকল্পের দ্বারা কৃষকদের সেচ ব্যবস্থাদি গড়ে তোলা হয়েছে। আমি জনগণের কল্যাণে সব সময় কাজ করার চেষ্টা করি। যতদিন বাঁচবো, রাজনীতি করবো ততদিনই মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করবো।

সানবিডি/এনজে