ট্রেনে বিনাটিকেটে ভ্রমণের দায়ে ২৮০ যাত্রীর জরিমানা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০২-০৪ ১০:৪০:৪৭


রেলওয়ের পাকশী বিভাগীয় অফিসের উদ্যোগে অভিযান চালিয়ে বিনাটিকিটে ট্রেনে ভ্রমণকারিদের জরিমানা করা হয়েছে। টিকেট বিহীন ২৮০ যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা আদায় করা হয়েছে। তাদের কাছে থেকে  ভাড়া বাবদ ২৮ হাজার টাকা ও জরিমানা বাবদ ১৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় দফতরের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী-চিলাহাটিগামী-রাজশাহীর মধ্যে চলাচলকারী ৭৩৩/৭৩৪ আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে এ অভিযান চালানো হয়।

পাকশী বিভাগীয় দফতরের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবর রহমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আবদুল আলিম বিশ্বাস মিঠু, গৌড় চন্দ্র সিং, নাসির হোসেন প্রমুখ।

এ বিষয়ে রেলওয়ের পাকশী বিভাগীয় দফতরের বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী ৭৩৩ নম্বর (আপ) তিতুমীর এক্সপ্রেস এবং চিলাহাটি থেকে ছেড়ে আসা ৭৩৪ নম্বর (ডাউন) তিতুমীর এক্সপ্রেস ট্রেনে আকস্মিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

বিনাটিকিটের ২৮০ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা বাবদ মোট ৪১ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।

তিনি  আরো জানান, বিনাটিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

সানবিডি/এনজে