দিনাজপুর ও জয়পুরহাটে এসএমই পণ্যমেলা শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১৫ ১০:৩১:৩৬
দিনাজপুর ও জয়পুরহাটে সপ্তাহব্যাপী এসএমই পণ্যমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন নিজ নিজ জেলার জেলা প্রশাসকরা।
জয়পুরহাট জেলার সার্কিট হাউজ মাঠে গত বৃহস্পতিবার সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলার উদ্বোধনী উপলক্ষে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবং জয়পুরহাট জেলা প্রশাসন, বিসিক, নাসিব ও জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সার্বিক ব্যবস্থাপনায় বিকালে শহীদ ডা. আবুল কাশেম মাঠ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা মাঠে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আহসান কবীর এপ্লব, বিসিকের উপপরিচালক আখতারুল আলম চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার প্রমুখ।
পরে মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে স্থানীয় পণ্যের প্রভাব, সমস্যা ও সম্ভবনাবিয়ষক সেমিনারে কি-নোট পেপার উপস্থাপন করেন বিসিকের আঞ্চলিক পরিচালক (জিএম) (অব.) আলতাফ হোসেন।
এবারের মেলায় ঢাকা, কুমিল্লা, রাজশাহী, রংপুরসহ বিভিন্ন জেলার ৫০ জন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা স্টল নিয়ে অংশগ্রহণ করেছেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণে সহায়তা প্রদানের লক্ষ্যে উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের জন্য এ মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন।
দিনাজপুরে ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে এদিন সাত দিনব্যাপী ‘আঞ্চলিক এসএমই পণ্যমেলার’ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। এর আগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে এসে শেষ হয়। সেখানে মেলা উদ্বোধন ঘোষণার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে এসএমই মেলার গুরুত্ব অনেক বেশি। এসএমই মেলার মাধ্যমে আমাদের দেশীয় অনেক শিল্পের প্রসার ঘটানো সম্ভব। ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করছে। সরকার নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে প্রশিক্ষণ দিচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌসের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজেম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুজা-উর-রব চৌধুরী।
স্বাগত বক্তা ছিলেন উপমহাব্যবস্থাপক বিসিক ও এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার নাজমা বুবলী প্রমুখ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














