ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৯তম সমাবর্তনে ডিগ্রি প্রদান করলেন শিক্ষামন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১৮ ১১:২৩:১১
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৯তম সমাবর্তন সোমবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। এবারের সমাবর্তন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার স্মৃতির উদ্দেশে নিবেদিত। এ সমাবর্তনে আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামের ২ হাজার ১১১ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়। এছাড়া অনন্য মেধাবী তিনজন শিক্ষার্থীকে দেয়া হয় স্বর্ণপদক।
সমাবর্তনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। আরো বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ট্রাস্টি বোর্ডের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান। এছাড়া অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, গ্র্যাজুয়েট ও তাদের অভিভাবকরা অংশ নেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














