খালেদার মুক্তির দাবি রাবি শিক্ষক ফোরামের
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২০-০২-২০ ১৭:১৯:০১
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারাগারে বন্দী রেখে ক্রমেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। তাই তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে মানববন্ধনে এ কথা বলেন শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশীদ। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, দেশ থেকে আজ গণতন্ত্র বিলীন হয়ে গেছে। অসুস্থ থাকা সত্বেও একজনকে জামিন দেয়া হচ্ছে না। দেয়া হচ্ছে না উন্নত মানের চিকিৎসাও। একজন নাগরিকের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করে ক্রমেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। এটিকে প্রতিহিংসার রাজনীতি উল্লেখ করে এই ঘৃণ্য রাজনীতি থেকে সরে এসে অবিলম্বে বেগম জিয়ার মুক্তির দাবি জানানো হয়।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আওরঙ্গজেব মো. আব্দুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক, ফার্মেসী বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ, অধ্যাপক গোলাম সাদিক, এ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক সারওয়ার জাহান লিটন, এগ্রোনোমি অধ্যাপক আবুল হাসান মুকুল প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সি এম মোস্তফা, আইবিএ অধ্যাপক ড. হাছানাত আলীসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














