রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় হাসিনার প্রশংসায় জোলি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৪ ১২:৫৫:১৯


মিয়ানমার থেকে বাস্তচ্যুত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ৭ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় এবং সুরক্ষা নিশ্চিত করায় বাংলাদেশের প্রশংসা করেছেন হলিউডের তারকা অ্যাঞ্জেলিনা জোলি। গত বছরের  ফেব্রুয়ারিতে জোলি বাংলাদেশের রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসেন। এর ঠিক এক বছরের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠালেন  জোলি। প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এর প্রেক্ষিতে বিশ্বনেতাদের প্রশংসাও ছিল অনেক। যার সর্বশেষ সংযোজন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের বিশেষ দূত হলিউডি তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

এ বিষয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২১শে  ফেব্রুয়ারি ওই চিঠি পাঠানো হয়। এতে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি লিখেছেন, ইউএনএইচসিআর রোহিঙ্গাদের উপযুক্ত প্রত্যাবাসনের পরিস্থিতি তৈরি করতে মিয়ানমারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২০২০ সালের  যৌথ পরিকল্পনা আরো ভালোভাবে কাজ করতে সমর্থ হবে। তিনি ওই বার্তায় বলেন, তিনি  রোহিঙ্গাদের জন্য মানবিক কাজ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বাংলাদেশের জনগণকেও সবধরনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সানবিডি/এনজে