জাপানি বিনিয়োগকারীদের সম্মানে সড়কের নামকরণ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৬ ১৪:৫০:৪৩


বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম অংশীদার জাপান। দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশের আবাসন শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন। বাংলাদেশ ও জাপানের যৌথ বিনিয়োগে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড বসুন্ধরা আবাসিক এলাকায় গড়ে তুলেছে বেশকিছু আবাসন প্রকল্প। এমন অসংখ্য প্রকল্পে জাপানি বিনিয়োগকারীদের সম্মানে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি সড়কের নামকরণ হয়েছে জাপান স্ট্রিট।

গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ স্ট্রিটের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং জেমস গ্রুপের চেয়ারম্যান ও জেসিএক্স ডেভেলপমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল। জেসিএক্স ডেভেলপমেন্টস এ অনুষ্ঠানের আয়োজন করে।

জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও জাতি গঠনে জাপান অংশীদার হলেও প্রথমবারের মতো জাপানের নামে একটি রাস্তার নামকরণ

হলো। আমি খুবই আনন্দিত। এর মাধ্যমে বাংলাদেশের আবাসন খাতসহ নতুন নতুন খাতে জাপানের বিনিয়োগ বৃদ্ধি পাবে। এটা মুজিব বর্ষ। আগামী বছর স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবে বাংলাদেশ। আমরা জাপানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর উদযাপন করব ২০২২ সালে। বর্তমানে জাপানের ৩০৯টি কোম্পানি বাংলাদেশ বিনিয়োগ করেছে। জাইকা মেগা প্রকল্প এমআরটি, আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রসহ বেশ কয়েকটি মানসম্পন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি আরো বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। জাপান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় অংশীদার। আজ জাপান স্ট্রিট নামে একটি সড়কের নামকরণ হওয়ায় সেই বন্ধুত্বে আরেকটি মাইলফলক স্থাপন হলো।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, জাপান আমাদের দীর্ঘদিন দিনের বন্ধু। অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাপানের নামে সড়কটির নামকরণ করতে পেরে আমরা আনন্দিত। জাপানের বিনিয়োগ এ দেশে আরো আসা দরকার, বিশেষ করে আবাসন খাতে।

তিনি বলেন, বর্তমান সরকার খুবই ব্যবসাবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের জন্য ৫ শতাংশ সুদে ২০ বছর মেয়াদি ঋণের সুযোগ দেয়ায় আমরা খুবই খুশি। এটা আবাসন খাতে বিনিয়োগের অবারিত সুযোগ সৃষ্টি করেছে। আমি জাপানের রাষ্ট্রদূতকে অনুরোধ করব, তিনি যেন জাইকাকে এখানকার আবাসন খাতে বিনিয়োগের অনুরোধ করেন।

জেমস গ্রুপের চেয়ারম্যান ও জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল বলেন, আবাসন শিল্পে বিনিয়োগ আনা ও বিনিয়োগকারীদের টাকা ফেরত পাঠানোর ক্ষেত্রে অনেক জটিলতা এবং দীর্ঘসূত্রতা রয়েছে। এ সমস্যার সমাধান খুবই জরুরি। এটা না হলে বাংলাদেশে বিদেশী বিনিয়োগ আনা খুবই কঠিন হবে।

জাপান স্ট্রিটের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. মুরশিদ কুলি খান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু ও আবদুল মাতলুব আহ্মাদ, ক্রিট গ্রুপের এমডি মাসানুপু কামিয়ামা, বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এমএ মোমেন ও সবুর খান, বারভিডা সভাপতি আব্দুল হক, বিকেএমইএ সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি ফারুক হাসানসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রনায়ক ফেরদৌস ও উপস্থাপক মারিয়া নূর।