মার্চে অনুষ্ঠেয় ঢাকা ট্রাভেল মার্ট-২০২০স্থগিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০১ ১৪:৩০:৩২
বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া মরণঘাতী করোনাভাইরাসের বিষয়টি বিবেচনা করে আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্টের ১৭তম আয়োজন ‘ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা ট্রাভেল মার্ট-২০২০’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পর্যটন মেলাটি ১২-১৪ মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের প্রায় ১০০টি প্রতিষ্ঠান ও সংস্থা এবারের মেলায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। আয়োজকরা এ বছর রেকর্ডসংখ্যক দর্শনার্থীর আগমন প্রত্যাশা করছিল। তবে পরিস্থিতির উন্নতি ঘটার সঙ্গে সঙ্গেই ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০২০’-এর নতুন তারিখ ঘোষণা করা হবে।
‘ঢাকা ট্রাভেল মার্ট-২০২০’ স্থগিত ঘোষণার কারণ ব্যাখ্যা করে আয়োজনকারী প্রতিষ্ঠান দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক ও আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম বলেন, ঢাকা ট্রাভেল মার্টের ১৭ বছরের ইতিহাসে আমাদের মেলার তারিখ পরিবর্তন করার মতো কোনো অবস্থার সম্মুখীন হতে হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদের সবার নিয়ন্ত্রণের বাইরে। দেশ-বিদেশের সব সম্মানিত পার্টনার, অংশগ্রহণকারী, দর্শনার্থী ও সংশ্লিষ্ট অন্যদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, বিধায় আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না।
উল্লেখ্য, নভেল করোনাভাইরাস অতি দ্রুত মহামারী আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে অনেক দেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সম্প্রতি সৌদি আরব সাময়িকভাবে ওমরাহ হজ পালন ও পর্যটক আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটও (আইইডিসিআই) তাদের সাম্প্রতিক একটি সার্কুলারে কোনো অতি জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশীদের বিদেশ ভ্রমণে না যেতে পরামর্শ দিয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














