নভেল করোনাভাইরাস আতঙ্ক
যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশে ফ্লাইট বন্ধ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-১৫ ০৯:২০:২১
চীন থেকে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশের সঙ্গে আজ রাত থেকে ৩১ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর ইউরোপের বাইরে করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর সঙ্গেও ফ্লাইট ওই সময় পর্যন্ত বন্ধ রাখা হবে। তবে যাত্রী পরিবহন বন্ধ হলেও সব কার্গো ফ্লাইট ও কুরিয়ার ব্যবস্থা সচল থাকবে বলে গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন জার্মানি ও ইতালিফেরত দুই প্রবাসী বাংলাদেশী।
আজ রাত থেকে ইউরোপ থেকে বাংলাদেশীসহ সব দেশের নাগরিক আসা বন্ধ। ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে যুক্তরাজ্য এ নিষেধের মধ্যে পরবে না। এছাড়া আগামী দুই সপ্তাহ সব দেশের সঙ্গে অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বানে গতকাল করোনাভাইরাস নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর দপ্তরের একজন পরিচালকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুপুরে শুরু হওয়া এ বৈঠক শেষ হয় রাতে।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের নেয়া পদক্ষেপগুলো বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতসহ সৌদি আরব, কাতার, কুয়েতসহ অন্যান্য দেশ এরই মধ্যে বিদেশী যাত্রী প্রবেশ বন্ধ করে দিয়েছে। আমরাও আগামী দুই সপ্তাহ অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ থেকে যাত্রী আসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল (আজ) মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশের জন্য এটি প্রযোজ্য হবে।
তিনি বলেন, যেসব দেশ এরই মধ্যে বাংলাদেশী নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, সেসব দেশের ক্ষেত্রেও ৩১ মার্চ পর্যন্ত একই ধরনের নিষেধাজ্ঞা থাকবে। ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। একই সঙ্গে আগামী দুই সপ্তাহ সব দেশের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়েছে। করোনাভাইরাস উপদ্রুত দেশ থেকে যারাই দেশে আসবে, তাদের বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহ কোয়ারান্টাইনে থাকতে হবে। বাংলাদেশের এ সিদ্ধান্তগুলো সব দেশকে জানিয়ে দেয়া হয়েছে।
কতগুলো দেশের সঙ্গে উড়োজাহাজ চলাচল বন্ধ করা হচ্ছে জানতে চাইলে ড. এ কে আব্দুল মোমেন বলেন, কোন কোন দেশ করোনায় অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তার তালিকা অনুযায়ী দেশের নাম সুনির্দিষ্ট করা হচ্ছে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যেহেতু ১ থেকে ৪০ বছর বয়সের যারা এ ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের সংখ্যা খুবই কম। মৃত্যের সংখ্যা নেই বললেই চলে। এছাড়া ভাইরাসটি আমাদের দেশে স্বল্পবয়সীদের মধ্যে ছড়ায়নি। তাই যাতে আতঙ্ক সৃষ্টি না হয়, সেজন্য আপাতত স্কুল-কলেজ খোলা থাকবে। তবে কোনো অভিভাবক শঙ্কিত হলে সন্তানকে নাও পাঠাতে পারেন।
দেশের জনগণের স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরো অনেক দেশও করোনা মোকাবেলায় একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশও এ পরিস্থিতিকে অতিগুরুত্বপূর্ণ বিবেচনায় এসব সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এর আগে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছিলেন। তারা বর্তমানে সুস্থ আছেন। এর মধ্যে দুজন হাসপাতাল ছেড়ে গেছেন। এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন আরো দুজন শনাক্ত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের একজন ইতালি ও অন্যজন জার্মানি থেকে এসেছেন।
তিনি বলেন, বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে। সেখানে নতুন স্ক্যানার লাগানো হয়েছে। প্রতি জেলায়, বিভাগীয় শহর ও উপজেলায় সেল্ফ কোয়ারান্টাইনের ব্যবস্থা করেছি। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনরা মনিটর করছেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














