ফ্লাইট সাময়িক স্থগিতের ব্যাখ্যা দিল রিজেন্ট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৪ ০৯:৩৭:২৩
ফ্লাইট অপারেশন সাময়িক স্থগিতের ব্যাখ্যা দিল দেশের বেসরকারি খাতের অন্যতম বিমানসংস্থাটি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজেন্ট জানায়, বিশ্বব্যাপী কোভিড ১৯ (করোনাভাইরাস) প্রাদুর্ভাবের চলমান সংকটের কথা বিবেচনা করে রিজেন্ট এয়ারওয়েজ গতকাল রোববার থেকে সব ধরনের ফ্লাইট অপারেশন (আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ) সাময়িকভাবে স্থগিত করেছে।
রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনার বিস্তার যতই ছড়িয়েছে ততই বিভিন্ন দেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছে। দেশ সমূহে প্রবেশাধিকারে কড়াকড়ি হওয়ায় বিভিন্ন বিমান সংস্থা অনির্দিষ্টকালের জন্য তাদের সব কার্যক্রম স্থগিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি সত্ত্বেও গত ৮ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক রুট যেমন কাতার, ভারত, ওমান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে রিজেন্ট এয়ারওয়েজ সীমিত পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করে গেছে। সবশেষ আন্তর্জাতিক ফ্লাইট সিঙ্গাপুর থেকে ঢাকায় অবতরণ করে। এ ছাড়া অভ্যন্তরীণ রুটে ২১ মার্চ কক্সবাজার থেকে ঢাকায় অবতরণ করে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














