করোনায় নতুন আক্রান্ত ৫, মোট ৪৪
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-২৬ ১৬:১৫:২২
দেশে গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নতুন করে ৫ জনের মধ্যে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন, মারা গেছেন পাঁচজন। নতুন করে কোনো মৃত্যু নেই।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন আক্রান্ত পাঁচজনই পুরুষ। এদের দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, দুজন ৪০ থেকে ৫০ এর মধ্যে, একজন ষাটোর্ধ্ব। একজন বিদেশফেরত। তিনজন অন্য রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। একজনের বিষয়ে এখনও অনুসন্ধান চলছে।
২৪ ঘণ্টায় আইইডিসিআরে কল করেছেন ৩ হাজার ৩২১ জন। নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১২৬ জনের। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২০ জনের।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় পৌনে ৫ লাখ এবং মারা গেছেন ২১ হাজার ৩৩৬ জন মানুষ। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ১৪ হাজার ৭৭৯ জন।
বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। করোনার বিস্তাররোধে দেশের সব স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় এবং সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। চীন ও যুক্তরাজ্য ছাড়া সব দেশ থেকেই যাত্রী আসা বন্ধ হয়ে গেছে।
বন্ধ করে দেয়া হয়েছে দেশের সব বিপণিবিতান। বন্ধ করে দেয়া হয়েছে আদালতও। এমনকি একাধিক এলাকাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য দেশের সব জেলায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত ২১ হাজার ২০০ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে এ ভাইরাস যাদের শরীরে শনাক্ত হয়েছে তাদের ১ লাখ ১৪ হাজার ২১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া ভাইরাসটি মোট শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৯০৫ জনের শরীরে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












