সংসদে বিএনপির এমপি হারুন
আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভঙ্গুর ও ধ্বংস হয়ে গেছে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-১৫ ২১:২১:৪১
কবিএনপির সংসদ সদস্য হারুন উর রশীদ বলেছেন, সরকারের মন্ত্রী-এমপিরা কোভিডে আক্রান্ত হলে সরকারি হাসপাতালে যাচ্ছেন না। তারা সিএমএইচে বা প্রাইভেট হাসপাতালে যাচ্ছেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে একেবারেই ভঙ্গুর, একেবারে ধ্বংস হয়ে গেছে, আজকে এটিই তার প্রমাণ।
গতকাল সোমবার সকালে জাতীয় সংসদে চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভারতমুখী হয়ে গেছে। গত ১০ বছরে বাংলাদেশ থেকে ৪ কোটির অধিক মানুষ চিকিৎসার জন্য ভারতে গেছেন। এই সত্য কথাগুলো বলার জন্য সংসদে এসেছি।
পিপিই পরে সংসদ অধিবেশনে যোগ দেন হারুন। বক্তব্যের শুরুতে মাস্ক নামিয়ে কথা বলা শুরু করলে পেছন থেকে কয়েকজন তাকে মাস্ক পরে কথা বলার জন্য বলেন।
নিজের নির্বাচনি এলাকার হাসপাতালে চিত্র তুলে ধরে হারুন বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ২০১১ সালে ১০০ শয্যা থেকে আড়াইশ’ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবকাঠামো নির্মিত হয়েছে। ১০০ বেডের লোকবল নিয়ে কাজ চলছে। সেখানে অক্সিজেনের সিস্টেমও নেই।
তিনি বলেন, দেশের তিনটি স্পেশালাইজড হাসপাতাল। সেখানে করোনার কোনও চিকিৎসা করা হচ্ছে না। আইসিইউ ব্যবহার করা হয়নি। এখনও পরীক্ষা-নিরীক্ষা নাই। অথচ গণস্বাস্থ্যের মতো একটি প্রতিষ্ঠান করোনার কিট উদ্ভাবন করেছে। সরকার এখন পর্যন্ত সেটি অনুমোদন দিচ্ছে না। এটি কী কারণে হচ্ছে তার ব্যাখ্যা নেই। এটি অনুমোদন দিতে কেন এত সময় লাগছে? এটির প্রয়োজন আছে কিংবা নাই? আজকে যদি আমরা এই স্বল্প মূল্যের কিট উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারতাম তাহলে সবাই উপকৃত হতাম। গণস্বাস্থ্যের মতো একটি প্রতিষ্ঠান যদি এ ধরনের কিছু তৈরি করতে পারে তাহলে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কী কাজ হচ্ছে?
বিএনপির এই এমপি বলেন, এটি সমালোচনা আলোচনার বিষয় নয়। এই অবস্থা থেকে আমরা কীভাবে মোকাবিলা করবো সেজন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। সরকারের উন্নয়ন ব্যয় হ্রাস করতে হবে। করোনাভাইরাসের অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের উন্নয়ন ব্যয় হ্রাস করে মানুষের জীবন ও জীবিকা রক্ষায় ব্যয় বাড়ানোর ওপর জোর দেন তিনি।
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, করোনা ভাইরাস এটা আলাহ কর্তৃক আজাব, গত ৭ মাস যাবত সারা পৃথিবীকে যেভাবে গ্রাস করেছে, সারা পৃথিবীকে বিপর্যস্ত করেছে, সারা পৃথিবীর চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ রূপে বিপর্যস্ত। তাই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার অবশ্যই জাতীয় ঐক্যমত সৃষ্ঠির উদ্যোগ গ্রহণ করবেন বলে আশারাখি। জাতির মধ্যে যে ক্ষতগুলো সৃষ্টি হয়েছে এই ক্ষত দূর করার জন্য উদ্যোগ গ্রহণ করার দাবি জানাচ্ছি। সরকার জাতীয় ঐক্যমত তৈরি করে পরিস্থিতি মোকাবেলা করবে এই দাবি করছি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













